Monday, February 14, 2011

বানান বিতর্ক-১

১। অনু, আ, নি, পরি, প্রতি, বি, সম, সু ইত্যাদি প্রত্যয় শব্দের প্রথমে যুক্ত হলে প্রথম বর্ণটিতে ঊ-কার হয়। যেমন, অনুকূল, প্রতিকূল, সুদূর ইত্যাদি।

২। কোন ব্যঞ্জন বর্ণের আগে র ধ্বনি থাকলে রেফ হয়। যেমন, তর্ক।

৩। ক্রিয়াবাচক, সংখ্যাবাচক, প্রাণিবাচক, স্ত্রী বাচক শব্দে (তৎসম শব্দ ছাড়া) ই-কার হবে। ক্রমানুসারে উদাহরন-করি, বিশ, খাসি, কাকি।তবে,
ক) সংখ্যাবাচক শব্দ পঞ্চমী, ষোড়শী ইত্যাদিতে ঈ-কার হবে।
খ) পক্ষী, ফণী, হস্তী ইত্যাদি প্রাণিবাচক হলেও এগুলো তৎসম শব্দ হওয়ায় এতে ঈ-কার হয়েছে।
গ) ঈ, ইনী প্রত্যয় যোগে প্রাণিবাচক শব্দ গঠিত হলে ঈ-কার হবে। যেমন, ছাগী।
গ) সংস্কৃত ব্যাকরণের প্রভাবে স্ত্রীবাচক কালী, দেবী, ষষ্ঠী শব্দের পরে দাস শব্দ যুক্ত হলে সেগুলোতে ঈ-কার হয়ে যায়।

৪। জাতি বা ভাষার নামের শেষে ই-কার হবে। যেমন,-আরবি। কিন্তু এইসব শব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম (১৯৩৭) অনুযায়ী ঈ-কার ছিল।

৫। ঋ বা ঋ-কার এর পরে “ষ” হবে। যেমন, ঋষি, কৃ্ষি।

৬। ট/ঠ/ড/ঢ/ণ এর আগে “ন” ধ্বনি অবশ্যই “ণ” হবে। যেমন,- কণ্ঠ। তবে,
ক) ব্যতিক্রম- পরিনির্বাণ, নির্মিমেষ, প্রনষ্ট।
খ) “দুর” উপসর্গের আগে এ নিয়ম কাজ করে না। যেমন,- দুর্নিবার।

৭। ত/থ/দ/ধ/ন এর আগে “ন” ধ্বনি অবশ্যই “ন” হবে। যেমন,- ছন্দ।
ক) ধীরেন, বীরেন শব্দগুলোতে “ন” হবে কারন এই শব্দগুলো ধীরেন্দ্র, বীরেন্দ্র ইত্যাদির সংক্ষিপ্ত রূপ।

৮। ক/খ/গ/ঘ এর আগে “ঙ” ধ্বনি থাকলে তা যুক্তবর্ণ হয় তবে তা ng ধ্বনির মত লেখা যায়। যেমন,- ব্যাঙ্ক ও ব্যাংক।

৯। বিস্ময়সূচক বা মনোভাববাচক খাঁটি বাংলা শব্দের শেষে কখনো কখনো বিসর্গ বসে। যেমন, আঃ, ওঃ, ছিঃ, যাঃ, উঃ, বাঃ, এঃ ইত্যাদি। আবার আধুনিক বাংলা বানানে পুনঃ, পুরঃ ইত্যাদি বর্জন করা হয়েছে। তবে সন্ধিতে শব্দের মধ্যাংশের বিসর্গ ক্ষেত্র বিশেষে বজায় থাকে। যেমন, অন্তঃসত্ত্বা, পুনঃপুন। আবার অনেকে ডক্টর, ডাক্তার এর সংক্ষিপ্ত রূপে ডঃ, ডাঃ লিখে থাকে যা ঠিক নয়। এখানে বিসর্গের বদলে বিন্দু ব্যবহার করা উত্তম।

১০। বাংলা ভাষার কোন শব্দ ড়/ঢ় দিয়ে শুরু হয় না। ফলে শব্দের শুরুতে “র” ধ্বনি থাকলে “র” বসাতে হবে। যেমন,- রশ্মি।

১১। যুক্তব্যঞ্জনে চ/ছ এর সঙ্গে অবশ্যই “শ” হবে। যেমন,- দুশ্চরিত্র।

১২। কি এবং কী। একটা উদাহরন দেওয়া যাক,
তুমি কি বলবে আমায়? তুমি কী দেখেছ?
প্রথমটিতে কি কিন্তু পরেরটিতে কী। কেন? যেসব শব্দের উত্তর হবে শুধু হ্যাঁ অথবা না সেসব শব্দে কি ব্যবহৃত হবে নচেৎ কী।

১৩। st যুক্ত ইংরেজি শব্দে স্ট ব্যবহার করতে হবে। যেমন, পোস্ট, পোস্টার। বিদেশি শব্দে ণ হবে না। অবশ্যই ন ব্যবহার করতে হবে। যেমন কুর্নিশ, কন্ট্রক্টর। আবার বিদেশি শব্দে ঋ-কার ব্যবহার করা উচিত না। র-ফলা ব্যবহার করা উচিত। যেমন, ব্রিটিশ।

রেফারেন্সঃ

হুমায়ুন আজাদ ও অন্যান্য (সম্পা), বাঙলা ভাষা, ঢাকা, ১৯৮৪
মুহম্মদ আবদুল হাই, ধ্বনিবিজ্ঞান ওঃ বাংলা ধ্বনিতত্ত্ব, চতুর্থ মুদ্রণ, ঢাকা, ১৯৮৫
ড. মাহবুবুল হক, বাংলা বানানের নিয়ম, সপ্তম মুদ্রণ, ঢাকা, ২০০৮

No comments: