Sunday, February 6, 2011

"ঘুড়ি" ম্যাগাজিনে প্রকাশিত কবিতাঃ ভাদু মোড়লের বৃত্তান্ত

হ্যামাগো দ্যাশে একখান ছোনার থালা আছিল
হোক্কলে মিইল্যা রোজই দ্যাখবার যাইতাম,
মাইনষ্যে কয়, হেইডা নাকি হ্যামাগোরই পরদাদার আছিল,
হ্যামি ভাদু মোড়ল, চাইলেনজ কইর‍্যা কইবার পারি,
ছোনার থালা হ্যামাগোরই পরদাদার আছিল;
হাসস্ ক্যানরে মাগি, তোর লাগি আমি মশকরা করিনি?
হেইডা একটা লম্ফ ইটিহাস-;
যে বদছর বাপে এইটা কইছিল-
হেইবার বইন্যা আহনের পরি তো ঢ্যাহা চইল্যা আইলাম,
ছোনার থালা, আর এই জইন্মে দ্যাখতে পানু না।
হ্যার পরি কত্ত বদছর চইল্যা গ্যাল
পরথম ইস্টিশনত আইস্যা উইঠলাম হোক্কলে মিইল্যা
আহনের পরি তো মা মইরা গ্যাল
লগে লগে হ্যামার ভাইগ্যটাও পুইড়লো
বাপে আরেকখান বেডি আইন্যা হ্যামারে খ্যাদাইয়া দিল,
গতর খাইট্যা, বাঁইচ্যা আছিলাম হেই সময়;
পাত্তা কুড়াইছি, মাডি কাটছি, লম্ফ লম্ফ ব্যালডিংয়ে কাম কইরছি
গতর খাইট্যা খাইছিরে বইন, গতর খাইট্যা খাইছি
মইনে অয়, হেইতো হেইদিনই, চোউক্ষে ভাইসস্যা উডে।
তোর দাদীক য্যান কবি বিয়াডা কইরলাম?
ছোন্দর আছিল হ্যামার কুলসুম, এক্কেরে পরীর ল্যাহান
আবার হাসস্ ক্যানরে মাগি?
তুই তো তোর দাদীরই গতর পাইছস, হাছাই;
ম্যামসাবগো ল্যাহান গতর লইয়্যা আইছিল
পরথম বদছরই তোর বাপেরে হ্যামার কোলে তুইল্যা দিল
কি তাগড়াই না আছিল আবুইল্যা, বাপকা ব্যাটা;
কান্দিস নারে বইন, কান্দিস না;
আবুল্যারে, বাজান আমার, তুই না কয়া কনে চইল্যা গ্যালি
তোর লাগি পাথ্থর হয়া তোর মাটাও হ্যামাক ফ্যালি চলি গ্যাল
হ্যামার পাটাও লিয়া গ্যালি তুইরে বাজান;
কান্দিস নারে মাগি, কান্দিস না
তোর লাগি হ্যামারও কান্দন চইল্যা আহে;
দ্যাহসনা, এত্ত শোক্কেও ঠিক্কই বাঁইচ্যা আছি;
তয় মইনে এ্যাকটাই দুক্কো,
সোনার থালা আর এই জইন্মে দেখতে পানু নারে বইন
সোনার থালা আর দ্যাখতে পানু না।

No comments: