গোড়ালি তফসিল
বাতাসে উড়ে উড়ে কিছু লাইন এল মাথায়
সেভাবেই তাদের আবারো উড়িয়ে দিলাম
আমি কি খুনি? হ্যাঁ,
গ্লানি বেদনার শীতে আমি আজ খুনি; আমাকে
এই অপরাধে রিমান্ডে নিয়ে অসহ্য প্রহারে জিজ্ঞাসাবাদ করা উচিত
তারপর কোর্টে চালান দিয়ে ৩০২ ধারায় দন্ডিত করা উচিত;
দন্ডিত হওয়ার পরে আত্নকথনে বলব,
কি লাভ লাইনগুলোর আরাধনা করে?
যখন দেখি মানুষগুলোর চব্বিশটা ঘন্টা কাটে
পেটের চিন্তায়, আগামীকালের ভাবনায়
নতুন ভ্রুণের রোদনে সামাজিক ঝগড়ায়
তাদের দেখে দেখে অন্ধ অজানাতে নিজেকে দেখি ঈশ্বরের হাতে
তখন মানুষগুলোর জন্যে আমি নিজেই হাজারটা কবিতা;
যাকগে সে আলোচনা, অনেকের কাছে এলেবেলে কথা
এখন অলস শীতকাল; নিষ্প্রাণ দিনের
কাঁচা রোদে বসে কুঁড়েমির এখনিই সময়
লেপমুড়ি দিয়ে শুয়ে থাকাই এখন একমাত্র কাজ,
অন্যের মতই শুরু করি নীরবে দিনাতিপাত;
বহু বহুবার আমি অসহ্যকে দেখে ব্যথিত হয়েছি
ভীড় করা মেঘগুলোকে তাড়াতে গিয়ে
জীবনের সব হিসেব করা ছেড়ে দিয়েছি।
৩১/১২/১০
নিরুদ্ধ স্পৃহা
চক্র পূরণ করে চলে শুয়োপোকাটি
সংগে তারই কিছু ভাই-বোন;
প্রতিদিন দেখি সন্ধ্যাবেলার পরে,
যখন আমি আপন মনে গুণতে থাকি
বুক পকেটে থাকা বাসের ছেঁড়া টিকিট,
আত্নচক্র পূরণে এখনো জমিয়ে রেখেছি;
নিউমার্কেট থেকে একটা অ্যালবাম কিনে
সেগুলোকে সাজিয়ে রাখব ভাবছি;
মলিন হয়ে যাচ্ছে বুক পকেটে থেকে
মলিন করে দিচ্ছে দিনগুলোকে।
তারপর অনেকদিন অতিবাহিত হবে,
অ্যালবাম দিন দিন বড় হতে হতে
শুয়োপোকাটির সাথে সখ্য গড়ে
উপহার দিয়ে দিব তাঁকে-
অ্যালবামে রাখা ছেঁড়া টিকিটগুলো;
হ্যাঁ, আজও প্রজাপতি হতে ইচ্ছে করে।
২৫/১২/১০
Thursday, January 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment